রেডমি নোট ১৭ সিরিজের সাফল্য উদযাপন করতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা মিউজিক্যাল নাইট ‘ম্যাক্স রিপাবলিক’। প্রযুক্তি ব্র্যান্ড শাওমির স্পনসরশিপে আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বসবে এই কনসার্টের আসর।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ২টায় দর্শকদের জন্য কনসার্টের গেট খুলে দেওয়া হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ও উপমহাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডের পরিবেশনা থাকবে।
কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবেন নগরবাউল জেমস, পাকিস্তানের সংগীতশিল্পী মুস্তাফা জাহিদ, জাল দ্য ব্যান্ড, জুনুনের আলী আজমত। এ ছাড়া বাংলাদেশের ব্যান্ড নেমেসিস, লেভেল ফাইভ ও শিরোনামহীনেরও পারফর্ম করার কথা রয়েছে।
শাওমির পক্ষ থেকে বলা হয়েছে, রেডমি নোট ১৭ সিরিজের সাফল্য উদযাপনের পাশাপাশি সংগীত ও প্রযুক্তিকে একসঙ্গে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। কনসার্টের মাধ্যমে শাওমি ফ্যান ও সংগীতপ্রেমীদের জন্য ভিন্নধর্মী বিনোদনের সুযোগ তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।
কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে দেশের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাইয়ে। পাশাপাশি রেডমি নোট ১৭ সিরিজের যেকোনো ডিভাইস কিনলে শাওমি ফ্যানদের জন্য বিনা মূল্যে কনসার্টের টিকিট ও অন্যান্য উপহারের সুযোগ রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রযুক্তিনির্ভর আয়োজনের বাইরে সংগীত ও বিনোদনের মাধ্যমে দর্শকদের সঙ্গে আরও সরাসরি সম্পৃক্ত হওয়ার লক্ষ্যেই ‘ম্যাক্স রিপাবলিক’ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে শাওমি।