জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতি হিসেবে অধীনস্থ সব অফিস ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর Organogram Sub-module-এ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণের কাজ চলছে। এর অংশ হিসেবে পদ বা পদবির নাম, মূল গ্রেড এবং পদসংখ্যার তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।
মাউশি জানিয়েছে, সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার পাশাপাশি iBAS++-এর Pay Fixation Sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের তথ্য Organogram Sub-module-এ এন্ট্রি করা প্রয়োজন।
চিঠিতে আরও বলা হয়, মাউশির অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্যও Organogram Sub-module-এ অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে।
নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড (Substantive Grade), পদসংখ্যা ও মন্তব্য দিতে হবে।
তথ্যের হার্ড কপি মাউশির উপপরিচালক (এইচআরএম), ঢাকা, রুম নম্বর-৫৩০-এ এবং সফট কপি Nikosh ফন্টে Word Document আকারে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ৭ অক্টোবরের মধ্যেই সংশ্লিষ্ট সব অফিস ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।