ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলার পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির ফলক উন্মোচন করেন তিনি। পরে সেখানে বৃক্ষরোপণ এবং নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রকল্পটি ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী অববাহিকার দীর্ঘদিনের বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙন মোকাবিলার লক্ষ্যে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী তীরবর্তী মানুষের জীবন-জীবিকা, কৃষি ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং বন্যার ক্ষয়ক্ষতি কমবে।

প্রকল্পে থাকছে বাঁধ সংস্কার ও নদী খনন

গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাশয় পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণের কাজও প্রকল্পের আওতায় রয়েছে। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ফেনীর বিস্তীর্ণ এলাকায় বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি কমার পাশাপাশি কৃষিজমি ও বসতবাড়ি সুরক্ষায় ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর ফেনী সফর

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটিই তারেক রহমানের প্রথম সফর। বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন তিনি। দিনব্যাপী সফরে পরশুরাম ও ফুলগাজীতে একাধিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধনের কর্মসূচি রয়েছে।

এ ছাড়া ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় কর্মীদের সম্মানী দেওয়ার কর্মসূচিও রয়েছে।

স্থানীয়দের উপস্থিতি

প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা তাঁকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে ফেনী-২ ও ফেনী-৩ আসনের সংসদ সদস্যসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় মুহুরী-কহুয়া প্রকল্পকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যার পর এ অঞ্চলে টেকসই বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনার দাবি আরও জোরালো হয়। পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এর আগে বলেছিলেন, প্রকল্পটি ফেনীর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে।