চার নেতার নিঃশর্ত মুক্তি এবং ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

সোমবার সকালে শুরু হওয়া বিক্ষোভ থেকে একটি মিছিল নিয়ে তারা দৈনিক বাংলা মোড়ে যান। সেখানে সমাবেশ করে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

সমাবেশে সংগঠনটির সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার চার নেতাকে মুক্তি এবং রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে তাদের অন্যান্য দাবিও আলোচনার মাধ্যমে বিবেচনার আহ্বান জানান তিনি।

গত বৃহস্পতিবার সবুজবাগ থানা পুলিশ রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে আটক করে। তাদের মুক্তির দাবিতেই এ বিক্ষোভ ও আল্টিমেটাম কর্মসূচি পালন করা হয়।