২২ বছর পূর্ণ করেছে দেশের জনপ্রিয় শপিং ও লাইফস্টাইল গন্তব্য বসুন্ধরা সিটি শপিং মল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

দুপুর ২টায় লেভেল-১ অ্যাট্রিয়ামে আনুষ্ঠানিক আয়োজন শুরু হয়। এতে ফ্যাশন শো, সেলিব্রিটি ফ্ল্যাশমব ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, তমা মির্জা ও জিয়াউল রোশানের অংশগ্রহণে ফ্ল্যাশমব দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। পাশাপাশি আলিফা ডান্স টিমের পরিবেশনাও ছিল অন্যতম আকর্ষণ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.)। তিনি বলেন, শুরু থেকেই বসুন্ধরা সিটিকে এমন একটি আধুনিক শপিং ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য ছিল, যেখানে কেনাকাটার পাশাপাশি পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের অংশগ্রহণে মোট ১০টি ফ্যাশন শোর আয়োজন করা হয়। কর্তৃপক্ষ জানায়, ক্রেতা ও ব্র্যান্ড পার্টনারদের সহযোগিতায় দীর্ঘ পথচলায় বসুন্ধরা সিটি একটি বিশেষ অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতে আরও আধুনিক সেবা ও আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে ক্রেতাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে।