বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন করে শ্রমিক নিয়োগ, ওয়ার্ক পারমিট অনুমোদন এবং শ্রমিক শ্রেণির ভিসা সাময়িকভাবে বন্ধ করেছে লাওস। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

এ অবস্থায় লাওসে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিশেষ করে ভুয়া চাকরির প্রস্তাব, নকল ভিসা কিংবা বিদেশে পাঠানোর প্রলোভনে পড়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক হিসেবে নিয়োগের কোটা অনুমোদন, নিয়োগ কার্যক্রম এবং ওয়ার্ক পারমিট অনুমোদন সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানানো হয়। একই সঙ্গে শ্রমিক শ্রেণির ভিসা ইস্যুও বন্ধ রাখা হয়েছে।

লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা ইস্যু স্থগিতের বিষয়টি থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও নিশ্চিত করেছে। ফলে নতুন করে লাওসে কাজের জন্য যাওয়ার পরিকল্পনা করা বাংলাদেশিদের আপাতত বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিদেশে চাকরির কোনো প্রস্তাব বা ভিসার বিষয়ে অর্থ দেওয়ার আগে সরকারি সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করতে হবে। অননুমোদিত ব্যক্তি বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মসংস্থানের প্রক্রিয়া সম্পন্ন না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

লাওসের এ সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। এরপর দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশিদের জন্য শ্রমবাজারের পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য জানা যাবে।