স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানো, প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করা, ওষুধ বাণিজ্য এবং স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয়টিও উঠে আসে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাকিস্তানে মানসম্মত ভ্যাকসিন ও ক্যানসারের ওষুধ রপ্তানি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। পাশাপাশি পাকিস্তানের উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগের সম্ভাবনা বিবেচনার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, অঙ্গ প্রতিস্থাপন চিকিৎসায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর কয়েকটি প্রস্তাব তুলে ধরেন পাকিস্তানের হাইকমিশনার। তিনি জানান, বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে আগ্রহী পাকিস্তানের গাম্বাত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (জিআইএমএস)।

এ ছাড়া বাংলাদেশে লিভার প্রতিস্থাপন অস্ত্রোপচারে কারিগরি সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।