প্রবাসী বাংলাদেশিদের পুঁজি দেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে উন্নয়নে কাজে লাগাতে ১০০ কোটি বা ১ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বিনিয়োগ প্রতিষ্ঠান এম ক্যাপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৬ সেপ্টেম্বর ‘ডাকছে বাংলাদেশ’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এম ক্যাপিটাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।
অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তরুণদের মেধা ও আধুনিক প্রযুক্তিকে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে প্রবাসীদের প্রযুক্তি, দক্ষতা ও উৎপাদনশীলতার বিভিন্ন উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।
আশিক চৌধুরী দেশের অর্থনীতিতে চলমান পরিবর্তন ও সংস্কারের কথা তুলে ধরে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে এসে ব্যবসার পরিবেশ সরাসরি দেখার আহ্বান জানান।
আহসান এইচ মনসুর জানান, প্রবাসীদের পাঠানো অর্থকে উৎপাদনশীল সম্পদে রূপান্তরের লক্ষ্যেই ১০০ কোটি ডলারের কাঠামোর আওতায় তিনটি বিশেষায়িত তহবিল গঠন করা হবে। এগুলো হলো—ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ড, ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড এবং হেলথকেয়ার ইমপ্যাক্ট ফান্ড।
তিনি জানান, তহবিলগুলো দেশীয় ও আন্তর্জাতিক আইন মেনে পরিচালিত হবে। এতে স্বাধীন উপদেষ্টা তদারকি এবং দুই বছরের লক-ইন মেয়াদ থাকবে। ব্র্যাক ব্যাংক ট্রাস্টি ও কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে। বিশ্বের ১০০টি শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছানোর পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
আহসান এইচ মনসুর বলেন, ‘ডাকছে বাংলাদেশ’ শুধু একটি স্লোগান নয়, এটি পরিবর্তনের আহ্বান। প্রবাসীদের পুঁজি, নেটওয়ার্ক ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর ও উচ্চমূল্যের বিনিয়োগের গন্তব্যে পরিণত করাই এর লক্ষ্য।
এম ক্যাপিটাল লিমিটেড জানিয়েছে, প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের পুঁজি বাংলাদেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। ঢাকার বনানীতে প্রতিষ্ঠানটির নিবন্ধিত কার্যালয়।