দেশের ৫০০টি উপজেলার মধ্যে ২৭৬টিতে আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের সব উপজেলায় দলটির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস আলম জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বাদে দেশের অন্য ১১টি মহানগরের ৬১টি থানার মধ্যে ৩৪টিতেও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ও থানা পর্যায়ে কমিটি গঠনের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, ১৫ অক্টোবরের মধ্যে দেশের ৫০০ উপজেলাতেই এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে।

উপজেলার পাশাপাশি পৌরসভা পর্যায়েও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে দলটি। সারজিস আলম জানান, আগামী ৩০ অক্টোবরের মধ্যে দেশের ৩৩০টি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

এনসিপির সাংগঠনিক কার্যক্রমের পরবর্তী ধাপে ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো বিস্তারের অংশ হিসেবে উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে আহ্বায়ক কমিটি গঠনের কাজ করছে এনসিপি। এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে দলটি অক্টোবরের মধ্যে সব উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আহ্বায়ক কমিটির মাধ্যমে এনসিপির যাত্রা শুরু হয়। এরপর দলটি দেশব্যাপী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কার্যক্রম শুরু করে।