চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী দল’ হিসেবে উল্লেখ করে বলেছেন, দেশের মাটিতে দলটির কোনো জায়গা হবে না। বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম নগরীর হালিশহর নয়াবাজার মোড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাগরিকা মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়।
সাঈদ আল নোমান বলেন, জনগণের বিপুল সমর্থন নিয়ে বিএনপি সংসদে সরকার গঠন করেছে। এখন দলের প্রধান লক্ষ্য সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য ও চিকিৎসাসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিনি নেতাকর্মীদের তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। বিশেষ করে শ্রমিক, নারীসহ সমাজের পিছিয়ে থাকা মানুষের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে।
সমাবেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন সাঈদ আল নোমান। তিনি বলেন, দেশে ডেঙ্গুর পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় সবাইকে সচেতন হতে হবে এবং রোগ প্রতিরোধে সামাজিকভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।