শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের থানায় নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে কয়েকজনকে আটক করা হলে মিছিলে অংশ নেওয়া আরও অনেকে গুলিস্তানে জাসদ কার্যালয়ে আশ্রয় নেন বলে জানা গেছে।
বিষয়টি জানাজানি হলে যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন। পরে সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হয়ে অভিযান চালায়। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, কার্যালয়ে বৈঠক ও জয় বাংলা স্লোগান দেওয়ার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।