রংপুরে শহিদ আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, তাঁর বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন রংপুরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এ ঘোষণা দেন তিনি। পরে আবু সাঈদের কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, আবু সাঈদ গণঅভ্যুত্থানের একজন বীর। তাঁর আত্মত্যাগ তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা দূর করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নকাজ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা প্রশাসককে নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এ ছাড়া রংপুর জেলা স্টেডিয়ামকে শহিদ আবু সাঈদের নামে করার আগ্রহ প্রকাশ করেন তিনি। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে এরই মধ্যে স্টেডিয়ামটির নাম ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মীর শাহে আলম ১১ দলের কর্মসূচির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্যই এসব আন্দোলন ও লংমার্চ করা হচ্ছে। একই সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচিকে সমর্থন না দিয়ে দেশের পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।