শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গ থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক-শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মর্গের এক্সজস্ট ফ্যান দিয়ে দুর্গন্ধযুক্ত বাতাস সরাসরি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করায় স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের মাহবুবুজ্জামান ভবনে প্রতিদিনই দুর্গন্ধের কারণে ক্লাস করতে সমস্যা হচ্ছে। তীব্র গন্ধে কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষেই বমি করে অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানান তারা।

শেকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আখতার হোসেনও বিষয়টির কারণে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, দুর্গন্ধের কারণে ভবনের শ্রেণিকক্ষে স্বাভাবিকভাবে অবস্থান ও পাঠদান করা কঠিন হয়ে পড়েছে। তিনিও এ গন্ধে অসুস্থ হয়ে বমি করেছেন বলে জানান। দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।

অন্যদিকে মর্গের অবকাঠামোগত ত্রুটির বিষয়টি স্বীকার করেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. সোলায়মান কবীর। তিনি বলেন, গরমের পাশাপাশি মর্গটির অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কেমিক্যাল ব্যবহারের পর দুর্গন্ধ কমবে বলে আশা করা হচ্ছে।

মর্গের নকশাতেও ত্রুটি ছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সেটআপটি সঠিক হয়নি এবং মর্গটি রাস্তার পাশে থাকার কথা ছিল না। বিষয়টি সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি।

তবে এসব উদ্যোগে সন্তুষ্ট নন শেকৃবির শিক্ষার্থীরা। দুর্গন্ধের স্থায়ী সমাধানে মর্গের বাতাস নির্গমনের ব্যবস্থা পুনর্বিন্যাস বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।