দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান নিয়ে দুদকের দেওয়া প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও আইনজীবী ইউসুফ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইমাম হোসেন তারেক।

এর আগে ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক দুটি পৃথক প্রেস ব্রিফিং করেন। সেখানে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরুর পর প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়।

রিটে আসিফ মাহমুদ দাবি করেন, ওই প্রেস ব্রিফিংয়ে তার বিরুদ্ধে দেওয়া বক্তব্য সংবিধানের ৩১ অনুচ্ছেদে সুরক্ষিত মর্যাদা ও সুনামের অধিকার এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে ২ ও ১৩ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।