আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। বুধবার (২৩ সেপ্টেম্বর) এপিএলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে পোস্টের মাধ্যমে তাসকিনের নিবন্ধনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

এপিএলের প্রথম আসরকে কেন্দ্র করে খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর টুর্নামেন্টটির ‘প্লেয়ার্স ড্রাফট’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এক হাজারের বেশি ক্রিকেটার এই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে নিবন্ধন করেছেন, যার মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা পাঁচ শতাধিক।

 বাংলাদেশি এই স্পিডস্টারের নাম নিবন্ধনের খবর ছড়িয়ে দিয়ে এপিএলের অফিশিয়াল পেজে লেখা হয়, ‘অপেক্ষার অবসান! তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের জন্য নিবন্ধন করেছেন।’ একই সঙ্গে ভক্তদের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে চাওয়া হয়েছে—সমর্থকরা তাসকিনকে কোন দলের জার্সিতে দেখতে ইচ্ছুক

শুধু এপিএল কর্তৃপক্ষই নয়, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও তাসকিনের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তাসকিনের পাশাপাশি বাংলাদেশ বা অন্যান্য দেশের আর কোন কোন ক্রিকেটার এতে অংশ নিচ্ছেন, সে বিষয়ে আয়োজকরা এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেননি। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম মূল পেস বোলিং হাতিয়ার এই ডানহাতি পেসার পূর্বেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিনের নিবন্ধনের খবর প্রকাশের পর থেকেই তিনি কোন দলে ভিড়বেন তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে আলোচনা শুরু হয়েছে। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে অন্তর্ভুক্ত করবে কি না, তা চূড়ান্ত জানা যাবে ২৭ সেপ্টেম্বরের প্লেয়ার্স ড্রাফটের পরই।