একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সিনেমাটিকে বাংলাদেশের নির্বাচিত ছবি হিসেবে ঘোষণা করা হয়।

এবার অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়ে। এগুলো হলো—নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা চূড়ান্ত বিবেচনায় আসে। সেখান থেকে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’।

নির্বাচনের প্রতিক্রিয়ায় নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, বাংলাদেশের একটি গল্প ও এ অঞ্চলের সংস্কৃতি-চিন্তার প্রতিফলন ঘটেছে ‘রইদ’-এ। তাঁর মতে, সিনেমাকে শুধু বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে নয়, এর নান্দনিক ও একাডেমিক দিক থেকেও দেখার সুযোগ রয়েছে।

‘রইদ’ মূলত সাধু ও তাঁর স্ত্রী পাগলির সম্পর্ককে ঘিরে নির্মিত। প্রেম ও নীরবতার মধ্য দিয়ে মানবজীবনের এক গভীর ও চিরন্তন গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের চিত্রনাট্যে নির্মিত ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত নাজিফা তুষিও। তাঁর মতে, ‘রইদ’-এর এই যাত্রা দেশের সিনেমার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। এখন অপেক্ষা অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকার।

সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটির মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে সিনেমাটি নির্বাচিত হয়েছে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্য হিসেবে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।