চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে বলে জানান সালমান। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর পাশে দাঁড়িয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোটভাই।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমানের দীর্ঘ ক্যারিয়ারের কথা স্মরণ করেন রাফসান। তিনি জানান, সালমানের প্রথম ৫০ হাজার সাবস্ক্রাইবারের সময় থেকেই তাঁকে অনুসরণ করে আসছেন। পরে তাঁকে দেশের অন্যতম বড় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত হতে দেখেছেন। বাস্তব জীবনেও সালমানকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে রাফসান বলেন, শ্রম, সময় ও ভালোবাসা দিয়ে সালমান স্টুডিওটি গড়ে তুলেছেন। দেশের অন্যতম সেরা স্টুডিওতে পরিণত করা সেই জায়গায় হামলার ঘটনায় তিনি ভীষণ রাগান্বিত।

সালমানকে সাহস জোগাতে রাফসান আরও লেখেন, এই ঘটনা তাঁর পথচলা থামিয়ে দিতে পারবে না। ভবিষ্যতে সালমান আরও বড় হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিও ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন সালমান। সেখানে স্টুডিওর বিভিন্ন অংশের ক্ষয়ক্ষতি দেখিয়ে তিনি জানান, হামলায় স্টুডিওটির ব্যাপক ক্ষতি হয়েছে। ভিডিওতে চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

ঘটনাটি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন আরও কয়েকজন তারকা ও কনটেন্ট ক্রিয়েটর।