সিনেমাকে ঘিরেই পরিচয়, এরপর সম্পর্ক ও বিয়ে। দাম্পত্য জীবনের পাশাপাশি ওয়েব কনটেন্ট ও বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন কাজেও একসঙ্গে দেখা গেছে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী ও তাঁর স্ত্রী মুশফিকা মাসুদকে। এবার প্রথমবার একাই ফিকশন নির্মাণ করছেন মুশফিকা। তাঁর এই নতুন যাত্রায় পাশে থাকার কথা জানিয়েছেন অমিতাভ রেজা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর নির্মাণযাত্রা নিয়ে একটি পোস্ট দেন অমিতাভ রেজা। সেখানে তিনি লেখেন, একসময় শুটিং ফ্লোরে তাঁর পাশে দাঁড়িয়ে কাজের সময় ‘সেকেন্ড আই’ হিসেবে সহযোগিতা করা মুশফিকা এখন নিজের দৃষ্টিভঙ্গি, ভাষা ও স্বপ্ন নিয়ে বাংলাদেশে প্রথম ফিকশন নির্মাণ করছেন।
মুশফিকার নির্মিত ফিকশনের নাম ‘সেলফি’। এতে অভিনয় করছেন খায়রুল বাসার ও সারিকা সাবাহ। মুশফিকা জানান, ওটিটির গল্পটি পছন্দ হওয়ার পরই কাজটি শুরু করেন তিনি। তখন অমিতাভ রেজাই তাঁকে একা নির্মাণে উৎসাহ দেন।
মুশফিকা বলেন, একা নির্মাণ করলেও অমিতাভকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারেন না। যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা থাকলেও বর্তমানে অমিতাভ সব সময় তাঁর পাশে থাকেন এবং তিনিও স্বামীর পাশে থাকার চেষ্টা করেন।
স্ত্রীর নতুন যাত্রা নিয়ে অমিতাভ রেজা বলেন, এই পথের অংশ হতে পেরে তিনি আনন্দিত। তবে নির্মাণের এই যাত্রায় আনন্দের পাশাপাশি ভয়, অনিশ্চয়তা ও সংশয়ও রয়েছে। সবকিছুর মধ্যেও তাঁরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছেন।
মুশফিকার নির্মাণে আসার পেছনে রয়েছে চলচ্চিত্র নিয়ে দীর্ঘদিনের প্রস্তুতি। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন এবং ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়ে পড়াশোনা করেন। এর আগে ‘দ্য অ্যানিভার্সারি’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন তিনি।
এবার ‘সেলফি’ দিয়ে বাংলাদেশে ফিকশন নির্মাতা হিসেবে নতুন অধ্যায় শুরু করছেন মুশফিকা। তাঁর এই পথচলায় স্বামী হিসেবে সব ধরনের সহযোগিতা করতে চান অমিতাভ রেজা।