বাণিজ্য বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক আজ শেষ হচ্ছে। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বাধা, বাংলাদেশি পাটজাত পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক, স্থলবন্দর এবং রেলপথে পণ্য পরিবহণসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে বাংলাদেশের ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল অংশ নিয়েছে। প্রতিনিধিদলটি গত বুধবার নয়াদিল্লির উদ্দেশে বাংলাদেশ ছাড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশি পাটজাত পণ্যের ওপর ভারতের আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক, রেলপথে পণ্য পরিবহণ এবং দুই দেশের মধ্যে পণ্য চলাচল সহজ করার বিষয়গুলো গুরুত্ব পাবে।
এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে অশুল্ক বাধাকে অন্যতম প্রতিবন্ধক হিসেবে বিবেচনা করে তা দূর করার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।