শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করলেই কর্মক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে তরুণদের বাস্তবভিত্তিক শিক্ষা, প্রযুক্তিগত জ্ঞান ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আয়োজিত দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। টেসলবিডি ও ইউল্যাব যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
ববি হাজ্জাজ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে। এই লক্ষ্য পূরণে তরুণদের দক্ষ ও কর্মক্ষম জনশক্তি হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইংরেজিতে যোগাযোগের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং বাস্তব সমস্যার সমাধান করার সক্ষমতা অর্জন করতে হবে।
দেশের শিক্ষাব্যবস্থায় ইংরেজি শিক্ষার বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত ইংরেজি শেখা ও চর্চার ক্ষেত্রে এখনো নানা চ্যালেঞ্জ রয়েছে। মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে ভাষার ব্যবহারিক প্রয়োগ এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের যথাযথভাবে শেখানোর জন্য শিক্ষকদেরও ভাষাগত দক্ষতা বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক গবেষণা, আধুনিক প্রযুক্তি ও পেশাগত নানা তথ্যের বড় অংশ ইংরেজিতে প্রকাশিত হয়। ভাষাগত দুর্বলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারেন না। তবে ইংরেজি শেখার পাশাপাশি মাতৃভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজে ব্যবহারের সুযোগও বাড়াতে হবে।
তরুণদের অপরাধ থেকে দূরে রেখে উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে ববি হাজ্জাজ বলেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা দিতে পারলে তারা অর্থনীতির গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হবে। এ জন্য তরুণদের সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয়ের সুযোগ এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পরিবেশ তৈরি করা জরুরি।
প্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা বিস্তারের পাশাপাশি উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরির আহ্বান জানান।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাইজেল কিলিক এবং বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।