শিশুর অধিকার নিশ্চিত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, বর্তমান সরকার শিশুদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিশুদের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রমে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে। নারী ও শিশুর সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে সবাই সম্মিলিতভাবে কাজ করলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুর অধিকার সুরক্ষায় নির্বাচনি ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হয়েছে। ইতোমধ্যে এ কর্মসূচির আওতায় বিভিন্ন ইভেন্টে ১ লাখ ৪৫ হাজার শিশু অংশ নিয়েছে।
তিনি আরও বলেন, শিশুদের শিক্ষা যেন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেদিকে নজর দিতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কবিতা আবৃত্তি এবং অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে আমন্ত্রিত অতিথিরা শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এর আগে, গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক তিন দিনব্যাপী ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন। বুধবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম।
এ সময় বাংলাদেশ শিশু একাডেমির বোর্ড সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সাহিত্যিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন জেলার শিশু একাডেমির শিশুরা উপস্থিত ছিলেন।