জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে পুরো আলেম সমাজ ও মাদরাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয়।
শনিবার (৩ অক্টোবর) কাকরাইলের আইডিইবি ভবনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের আয়োজনে জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সংসদ সদস্য অধ্যাপক মাওলানা নুরুল আমিন।
ডা. শফিকুর রহমান বলেন, মানুষকে আল্লাহর বাণী ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের দিকে আহ্বান করার আগে নিজেদের আমল ও আচরণ পর্যালোচনা করা প্রয়োজন। যে বিষয়ে নিজে আমল করা হয় না, সে বিষয়ে অন্যকে আহ্বান জানানোর আগে আত্মশুদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে আত্মপর্যালোচনা যেমন জরুরি, তেমনি মাদরাসা, খানকা, মারকাজ, আলিয়া ও কওমি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দুর্বলতাও চিহ্নিত করা প্রয়োজন। তবে এসব প্রতিষ্ঠানকে অন্য শিক্ষাব্যবস্থার সঙ্গে তুলনা করে মূল্যায়ন না করার আহ্বান জানান তিনি।
জামায়াত আমির বলেন, কোনো একটি বা দুটি ঘটনার কারণে গোটা ওলামা সমাজকে দায়ী করা উচিত নয়। একইভাবে বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে মাদরাসা শিক্ষাব্যবস্থা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করাও সমীচীন নয়।
তিনি আরও বলেন, ভালো চরিত্র ও সুনামের ক্ষেত্রে সামান্য ত্রুটিও সহজে মানুষের নজরে আসে। তাই আলেম সমাজ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের নিজেদের আচরণ ও কর্মকাণ্ডের বিষয়ে আরও সতর্ক থাকা প্রয়োজন।