বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার (নন-রেসিডেন্ট) ডেরেক লোহ মঙ্গলবার সকালে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং এবং সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকা বিভাগের কান্ট্রি অফিসার ম্রিথিনি টিজি গ্রিথারান।
সাক্ষাৎকালে বাংলাদেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রগতি, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপিসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।