ডিসেম্বরে কোনো রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপির সাংগঠনিক ও স্থানীয় নির্বাচনবিষয়ক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরে তেমন কিছু ঘটার সম্ভাবনা দেখছেন না তিনি। তবে সরকারের বর্তমান কর্মকাণ্ড ও পারফরম্যান্সের ওপর তাঁর আস্থা নেই। কোনো পরিস্থিতির সৃষ্টি হলে তা সরকারের ব্যর্থতা এবং আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ফলেই হতে পারে বলে দাবি করেন তিনি। এমন পরিস্থিতি এনসিপি রাজপথে থেকে প্রতিহত করবে বলেও জানান।

সরকারের নৈরাজ্য, ব্যর্থতা ও গণবিরোধী নীতির প্রতিবাদে দলটি বিভিন্ন কর্মসূচি পালন করছে উল্লেখ করে তিনি জনগণকে রাজপথে নামার আহ্বান জানান। তাঁর ভাষায়, রাজপথের আন্দোলনের মাধ্যমেই সরকারকে জবাবদিহির আওতায় আনতে হবে।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, সরকারের যথাসময়ে পরিকল্পনা নিতে ব্যর্থতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ বা নৈরাজ্যের ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং তাদের ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সম্পদ বিএনপির দখলে থাকার অভিযোগও করেন এনসিপির আহ্বায়ক।

মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।