নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার শিল্পায়ন ও কর্মসংস্থানের দিকে নজর দিচ্ছে বিএনপি সরকার। বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করা, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে বাগেরহাটের মোংলায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু দেশে নয়, বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও গুরুত্ব দিচ্ছে সরকার।

প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে দেশের বন্ধ হয়ে যাওয়া মিল-কলকারখানাগুলো আবারও চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের উৎসাহিত করা হবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা এগোচ্ছে, তা নিয়ে এবার বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। গত দুই সপ্তাহে দুইবার বাগেরহাটে এসেছেন প্রধানমন্ত্রী। কেন বারবার এই অঞ্চলে আসছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন নিজেই।

আজ বৃহস্পতিবার সকালে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর পাশাপাশি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে বড় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রায় ৪ হাজার ৬৮  কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নের এই প্রকল্পকে বন্দরের সক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

শুধু অবকাঠামো নির্মাণই নয়, চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের বিষয়েও চীনা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ দেশের ভেতরে নতুন শিল্পকারখানা স্থাপনের পাশাপাশি বিদেশেও বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে মোংলায় পথসভায় সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। এরপর খুলনা জেলা স্টেডিয়ামে নতুন ক্রীড়া স্পোর্টস সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। খুলনা থেকে বাগেরহাট, এরপর উত্তরাঞ্চল দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পকারখানা গড়ে তোলার যে পরিকল্পনার কথা বলছেন প্রধানমন্ত্রী, তার মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি। এখন দেখার বিষয়, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে কতটা রূপ পায় এবং দেশের তরুণদের জন্য কতটা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।