সরকার পোশাক শ্রমিকদের দাবির প্রতি আন্তরিক বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, শ্রমিকদের দাবি বিবেচনায় দ্রুত কমিটি গঠন করে কাজ শুরু করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের তৈরি পোশাক শিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ শিল্পের উন্নয়ন ও অগ্রগতিতে বিএনপি সবসময় আন্তরিক।

সভায় ফটোসাংবাদিকদের অবদানের স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার বিষয়ে সরকারের উদ্যোগের কথা জানান তিনি। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলনে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের স্থায়ী কার্যালয়ের সমস্যা সমাধানে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা চলছে। সবার মতামত নেওয়ার পরই আইনটি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।

মতবিনিময় সভায় বিপিজেএ সভাপতি এ কে এম মহসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।