দর্শকপ্রিয় ও তুমুল আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের পর্দা নামছে চলতি নভেম্বর মাসেই। ১৭তম চ্যাপ্টারের মাধ্যমে এই সিজনের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন এর নির্মাতা কাজল আরেফিন অমি। নাটকটির শেষ পর্বে দর্শকদের জন্য থাকছে দারুণ সব চমক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক ভিডিওবার্তায় এই ঘোষণা দেন নির্মাতা। তিনি জানান, দর্শকদের দীর্ঘদিনের কিছু প্রত্যাশার প্রতিফলন ঘটবে এই শেষ চ্যাপ্টারে।
সম্প্রতি অসুস্থতার কারণে বেশ কিছুদিন বেশ ভুগতে হয়েছে কাজল আরেফিন অমিকে। দাঁত ও গলার সমস্যার কারণে তিনি ঠিকমতো কথাও বলতে পারেননি। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। ভিডিওবার্তায় নিজেই জানিয়েছেন যে, আগের তুলনায় তিনি অনেকটা সুস্থ আছেন এবং গলার সমস্যাও কমেছে।
ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর সমাপ্তি নিয়ে অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের শেষ চ্যাপ্টার এ মাসেই (নভেম্বর) রিলিজ হতে যাচ্ছে। এই লাস্ট চ্যাপ্টারে এমন অনেক জিনিস থাকছে, যেটা আপনারা অনেক বছর ধরে চাইছেন। সো, সবাই প্রস্তুতি নিন লাস্ট চ্যাপ্টারের জন্য।’
তবে শেষ চ্যাপ্টারটি ঠিক কোন তারিখে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানাননি নির্মাতা।
অমির এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা ও আগ্রহ দেখা যাচ্ছে। ভিডিও বার্তা প্রকাশের আধা ঘণ্টারও কম সময়ে প্রায় সাড়ে আট হাজার প্রতিক্রিয়া (রিঅ্যাকশন) পড়ে, মন্তব্যের সংখ্যা ছাড়ায় পাঁচশ এবং ভিডিওটির ভিউ ছাড়ায় প্রায় এক লাখ।
কমেন্ট বক্সে ভক্ত-দর্শকদের অনেকেই ‘রোকেয়া’ চরিত্রটিকে আবার পর্দায় দেখতে চেয়েছেন, কেউ বা আগ্রহ প্রকাশ করেছেন ‘শিমুল’-কে নিয়ে। এ ছাড়াও অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—পঞ্চম সিজনের পর কি আসবে এর ষষ্ঠ সিজন? তবে ষষ্ঠ সিজন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা ঘোষণা জানাননি নির্মাতা অমি।
উল্লেখ্য, তুমুল জনপ্রিয় এই ধারাবাহিকের বিভিন্ন প্রধান চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে