ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ আরও সহজ করতে প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সচিবালয়ে ব্যবসাপ্রক্রিয়া সহজীকরণ নিয়ে এক বৈঠকে তিনি সংশ্লিষ্ট সরকারি সেবাগুলো সমন্বিত ও দ্রুত করার নির্দেশ দেন।
বৈঠকে ব্যবসা নিবন্ধন, প্রয়োজনীয় অনুমোদন এবং সরকারি সেবা গ্রহণের বিদ্যমান প্রক্রিয়া পর্যালোচনা করা হয়। অপ্রয়োজনীয় ধাপ ও সময় কমিয়ে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ করার বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, প্রশাসনিক জটিলতা কমানো গেলে নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সেবাগুলো ধাপে ধাপে ডিজিটাল ও সমন্বিত ব্যবস্থার আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।