দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রস্তাবিত বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সেপা) চুক্তি আনুষ্ঠানিকভাবে সই হতে পারে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সিউলে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিয়েজিন কোয়নের সঙ্গে বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশ-কোরিয়ার বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও প্রযুক্তি খাতে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
হুমায়ুন কবির বলেন, এলডিসি থেকে উত্তরণের পর সেপা চুক্তি বাংলাদেশের জন্য কোরিয়ার বাজার ও আঞ্চলিক সরবরাহব্যবস্থায় আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে। এ সময় তিনি বাংলাদেশি পণ্য ও সেবার বাজার প্রবেশাধিকার বাড়ানো, খাদ্য নিরাপত্তা ও কোয়ারেন্টাইন প্রক্রিয়া সহজ করা এবং আরসিইপিতে বাংলাদেশের যোগদানে কোরিয়ার সহযোগিতা চান।
পাশাপাশি বাংলাদেশে আরও কোরীয় বিনিয়োগ আকৃষ্ট করতে যৌথ বিনিয়োগ ও সরকারি পর্যায়ের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। কোরিয়ার উপমন্ত্রীও সেপা চুক্তির আওতায় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।