চীনের ৭৭তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি শি জিনপিং ও জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১ অক্টোবর) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে চীনের রাষ্ট্রপতি এবং দেশটির জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় মির্জা ফখরুল বলেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও বোঝাপড়ার ভিত্তিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। দুই দেশের জনগণের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগ ও সহযোগিতার ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের পরিধি ও গভীরতা দিন দিন বাড়ছে।
তিনি আরও বলেন, নতুন যুগে চীন-বাংলাদেশের ‘অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি’ যৌথভাবে গড়ে তোলার চুক্তি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ উদ্যোগ উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে নতুন গতি সৃষ্টি করেছে।
বাংলাদেশের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সমৃদ্ধ হবে। এর ফলে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও ঘনিষ্ঠ হবে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শুভেচ্ছা বার্তার শেষে রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সুস্বাস্থ্য ও সুখ এবং চীনের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি।