ফেনীর ফুলগাজীতে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, স্বৈরাচার ও ‘গুপ্ত’ শক্তি আবারও একসঙ্গে হয়েছে। তিনি দাবি করেন, অতীতেও বিভিন্ন সময়ে এ দুই পক্ষ পরস্পরের সঙ্গে কাজ করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়োজিত জনসভায় তিনি বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা জেল, মামলা, হত্যা ও নির্যাতনের শিকার হলেও তাদের রাজনৈতিক প্রতিপক্ষের অনেককে রাজপথে দেখা যায়নি।
তারেক রহমান আরও অভিযোগ করেন, দেশের একটি অংশ বর্তমানে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তিনি বিএনপির ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বন্ধ শিল্প-কারখানা চালু এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর মতো বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।
তিনি বলেন, এসব কর্মসূচির লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করা। পাশাপাশি যারা ‘গুপ্ত রাজনীতি’ ও স্বৈরাচারী রাজনীতি করে এবং জনগণের ভাগ্য পরিবর্তনের কোনো কর্মসূচি নেই, তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
এর আগে প্রধানমন্ত্রী ফুলগাজীতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করেন। এছাড়া পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন এবং ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।