চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন এবং নাগরিকদের চলাচল সহজ করতে চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে ড্রেনেজ ব্যবস্থা, হাঁটার পথ ও সাইকেল লেন অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি নগরের পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণের ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কার্যালয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নগরের চলমান প্রকল্পগুলোতে ড্রেনেজ, ওয়াকওয়ে ও সাইকেল লেন যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যেসব উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে, সেগুলোতেও এসব সুবিধা রাখা হবে। এর মাধ্যমে জলাবদ্ধতা কমানোর পাশাপাশি নগরবাসীর হাঁটা ও সাইকেল চালানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব হবে। এ ছাড়া গাছ লাগানোর বিষয়টিও প্রকল্পের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির একটি।

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে গঠিত সিটি করপোরেশনের কমিটির উপদেষ্টা হিসেবে অর্থমন্ত্রী দায়িত্ব পালন করছেন। সভায় তাকে প্রধান অতিথি হিসেবে পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেয়র জানান, ২০১৬ সালে শুরু হওয়া জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নগরের ৩৭টি খালের মধ্যে ৩১টির কাজ প্রায় শেষ হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তত্ত্বাবধানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর প্রকল্পের বিভিন্ন কাজ বাস্তবায়ন করছে। বাকি পাঁচটি খালের কাজ আগামী মার্চের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বারইপাড়া খালের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, নগরের প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার নালা পরিষ্কার করা হয়েছে। বর্ষা মৌসুমের আগে নালা ও খাল পরিষ্কারের জন্য প্রধানমন্ত্রী ৪৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা এবং চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।