ক্যারিবীয় ক্রিকেটে একসময় ব্যাট হাতে রাজত্ব করেছেন শিবনারায়ণ চন্দরপল, এবার সেই উত্তরাধিকার বুকে নিয়ে বাংলাদেশের মাটিতে তাঁর ছেলে ত্যাগনারায়ণ চন্দরপল। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে বাবার মতোই লাল বলের ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণের লক্ষ্য তাঁর। তবে বাবার পরিচয়ের বাইরে নিজের নাম প্রতিষ্ঠার এই মঞ্চে তাঁর সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। 

শিবনারায়ণ চন্দরপল মানেই ধৈর্য, দৃঢ়তা আর উইকেটে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকার গল্প। টেস্ট ক্রিকেটে ১৬৪ ম্যাচে ১১ হাজার ৮৬৭ রান, ৩০টি শতক আর ৬৬টি অর্ধশতক - পরিসংখ্যানই বলে দেয়, কতটা দীর্ঘস্থায়ী ছিল তাঁর রাজত্ব। ২০০৮ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন এই কিংবদন্তি। বাবার সেই সোনালি অধ্যায়ের স্মৃতি সঙ্গে নিয়েই এবার বাংলাদেশের মাটিতে নতুন গল্প লেখার অপেক্ষায় ত্যাগনারায়ণ। 

কিন্তু বাবার মতোই কি দীর্ঘ ইনিংস খেলার সামর্থ্য দেখাতে পারবেন ত্যাগনারায়ণ? আন্তর্জাতিক টেস্টে এখন পর্যন্ত ১৫ ম্যাচে তাঁর সংগ্রহ ৭৫৮ রান, ব্যাটিং গড় ২৮। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২০৭ রান - জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন তিনি। এবার বাংলাদেশের বোলারদের বিপক্ষেও কি তেমন বড় ইনিংস উপহার দিতে পারবেন এই বাঁহাতি ওপেনার? 

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ঢাকায় পা রেখেই নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার ত্যাগনারায়ণ চন্দরপল। মাঠে নেমেই শুরু করেছেন দৌড়ঝাঁপ, শরীর গরম করার পাশাপাশি ঝালিয়ে নিচ্ছেন নিজের ফিটনেসও। বাবার মতোই লম্বা সময় ক্রিজে টিকে থেকে প্রতিপক্ষের বোলারদের কঠিন পরীক্ষায় ফেলতে পারবেন কি না, সেই অপেক্ষাতেই এখন ক্রিকেটপ্রেমীরা। 

তবে বাংলাদেশের মাটিতে কাজটা সহজ হবে না মোটেও। স্পিননির্ভর কন্ডিশনে ধৈর্য ধরে ব্যাটিং করা, অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়া আর দীর্ঘ সময় উইকেটে টিকে থাকার পরীক্ষায় নামতে হবে তাঁকে। ২২ অক্টোবর প্রস্তুতি ম্যাচের পর ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট, যেখানে ত্যাগনারায়ণের ব্যাটিং হতে পারে ক্যারিবীয়দের জন্য গুরুত্বপূর্ণ।

বাবা শিবনারায়ণ চন্দরপল গড়েছেন কিংবদন্তির অধ্যায়, আর ছেলে ত্যাগনারায়ণের সামনে নিজের গল্প লেখার সুযোগ। বাবার নামের ভার নয়, বরং নিজের ব্যাটের ভাষায় পরিচিত হতে চান তিনি - এখন ঢাকার উইকেটে সেই পরীক্ষারই অপেক্ষা।