ঘড়ির কাঁটায় সময় বাকি ২৪ ঘণ্টারও কম। এরই মধ্যে প্রস্তুত করতে হবে মিরপুরের মাঠ। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ টেস্টকে সামনে রেখে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ক্যারিবীয়রা। ২৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের প্রস্তুতিকে সামনে রেখে টাইগারদের হোম গ্রাউন্ডে চলছে শেষ মুহূর্তের কর্মব্যস্ততা।

চলমান ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দলের অধিকাংশ মূল ক্রিকেটারই এখন অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে। ফলে এক শুনশান নীরবতা বিরাজ করছে মিরপুরের মাঠে। গ্যালারি থেকে ভিআইপি বক্স—দু-একজন মাঠকর্মী ছাড়া আর কোথাও নেই কোনো মানুষের উপস্থিতি। মূল মাঠসহ একাডেমি মাঠ, সব জায়গায় আজ এমনই নীরবতা।

আগামীকাল সকাল থেকেই আবারও এই মাঠ হয়ে উঠবে খেলোয়াড়দের পদচারণায় মুখর। ক্যারিবীয় ক্রিকেটাররা মিরপুরের মাঠে দুই দিন অনুশীলন পর্ব শেষে বসুন্ধরার মাঠে নামবে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে। বাংলাদেশ ‘এ’ দলের সাথে সেই প্রস্তুতি ম্যাচে নিজেদেরকে প্রস্তুত করে নেবে তারা।

কাগজে-কলমের হিসাবে সাদা পোশাকের খেলাতে অনেক এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ২২ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয় ১৫টিতে। অপরদিকে ২ ড্রয়ের বিপরীতে টাইগারদের জয় ৫টি ম্যাচে। তবে বাংলাদেশের বিপক্ষে এমন পরিসংখ্যান থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে লাল বলের খেলাতে ক্যারিবীয়দের চাইতে অনেক এগিয়ে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসরে পয়েন্ট টেবিলে যেখানে বাংলাদেশ ৬ ম্যাচে জয় পেয়েছে ৩টিতে, সেখানে ক্যারিবীয়রা ১২ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ২টিতে, আর হার রয়েছে ৮টি ম্যাচে।

পরিসংখ্যান কিংবা মাঠের পারফরম্যান্স ছাপিয়ে দু-দলের কাছেই এখন মূল লক্ষ্য ট্রফি জয়। এই সিরিজে দুটি ম্যাচে বাংলাদেশ জয় পেলে পয়েন্ট টেবিলে টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আর যদি হেরে যায়, সে ক্ষেত্রে কঠিন হয়ে পড়বে টাইগারদের ফাইনাল খেলার সমীকরণ। তখন বাংলাদেশকে যেতে হবে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। তাই সাদা পোশাকে ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজের দামামা বাজার আগে শুরু হয়েছে মাঠ প্রস্তুতির কর্মব্যস্ততা।