সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সেবার মান উন্নত করতে মাঠপর্যায়ে কাজ করবেন ৫৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তা। অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে বিভিন্ন বিভাগ, জেলা ও বিশেষায়িত হাসপাতাল নিয়মিত পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখার অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হাসপাতালের জনবল, পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা, টিকাদান ও জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করবেন।

প্রত্যেক কর্মকর্তাকে মাসে অন্তত একটি জেলা, উপজেলা বা হাসপাতাল পরিদর্শন করতে হবে। পরিদর্শনে পাওয়া সমস্যা ও সুপারিশ তুলে ধরে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।