দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন। রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ৬ মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ২৬২ জন। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মৃত্যু হয়েছে ১৪৮ জনের। আর অক্টোবরের প্রথম তিন দিনে মারা গেছেন ১৭ জন। আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৮৯ জনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮৬ হাজার ৪৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৬৫ জন। এ পর্যন্ত মোট ৮০ হাজার ৩৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৮১৬ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া খুলনায় ৩৩০, চট্টগ্রামে ৩২৪, রাজশাহীতে ২২৪, বরিশালে ২০৩, ময়মনসিংহে ৯৯ এবং রংপুরে ৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।