আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সবার নাগালের মধ্যে আনতে দেশে চালু হয়েছে নতুন ডিজিটাল আর্থিক সেবা প্ল্যাটফর্ম ‘জি পে’। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণ টেলিকম ট্রাস্টের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড ‘জি পে’ সেবা চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা স্থানান্তর, ডিজিটাল ওয়ালেটে অর্থ যোগ করা, বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ, মোবাইল রিচার্জ এবং কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন মার্চেন্টের কাছে অর্থ পরিশোধের সুবিধা পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের কার্যক্রমের শুরু থেকেই গুরুত্ব পেয়েছে। ‘জি পে’ সেই ধারাবাহিকতায় প্রযুক্তিনির্ভর নতুন একটি সেবা।
তিনি বলেন, ডিজিটাল ওয়ালেট ব্যবহারের ফলে মানুষকে সবসময় নগদ টাকা বহনের প্রয়োজন হবে না। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি ও দুশ্চিন্তা কমবে বলেও উল্লেখ করেন তিনি।
‘জি পে’কে সামাজিক ব্যবসার উদ্যোগ হিসেবে উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, এর প্রধান লক্ষ্য ব্যক্তিগত মুনাফা অর্জন নয়, বরং প্রযুক্তির মাধ্যমে মানুষের আর্থিক সমস্যার সমাধান ও কল্যাণ নিশ্চিত করা।
জি পের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ আরমান সিদ্দিকী বলেন, আর্থিক লেনদেনের জটিলতা কমিয়ে সেবাটিকে সাধারণ মানুষের জন্য সহজ ও বোধগম্য করাই তাদের মূল লক্ষ্য। এ উদ্দেশ্য সামনে রেখে প্রতিষ্ঠানটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জিপেতেই সমাধান’।
অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদ এবং সমাধান সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।