মিশরে বাংলাদেশি দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং দেশটির বাজারে বাংলাদেশের আম রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশি পোশাকশিল্পের বাজার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
মিশরে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুমার দে’র সঙ্গে মতবিনিময়কালে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী এসব বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার দক্ষ ও প্রশিক্ষিত বেকার যুবকদের মিশরের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে উভয় দেশই লাভবান হবে।
এ সময় বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল আম, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের আম মিশরের বাজারে আরও বেশি পরিমাণে রপ্তানির সুযোগ তৈরির আহ্বান জানানো হয়। পাশাপাশি মিশরে বাংলাদেশি পোশাকের চাহিদা বাড়ানো এবং দেশটিতে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের ওপরও জোর দেওয়া হয়।
বাংলাদেশি প্রবাসীদের রেমিট্যান্স বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠানোর সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। জবাবে চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুমার দে জানান, মিশরে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে।
তিনি বলেন, মিশরের কৃষি, ফার্মাসিউটিক্যালস, সিরামিক, মৎস্য ও খনিজ সম্পদসহ বিভিন্ন খাতে বাংলাদেশি প্রশিক্ষিত শ্রমিক নিয়োগের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এসব খাতে কাজের উপযোগী করে তুলতে বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মতবিনিময়কালে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।