সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া নতুন সহকারী শিক্ষকদের পদায়নের সময় আরও সাত দিন বাড়ানো হয়েছে। এর ফলে আগামী ৪ অক্টোবরের পরিবর্তে ১১ অক্টোবর তাদের পদায়নের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন আদেশের তারিখ পরিবর্তন করে ১১ অক্টোবর নির্ধারণের নির্দেশনা পাওয়া গেছে।
এদিকে ১ অক্টোবর বিদ্যালয়ে যোগদান করা নবনিযুক্ত শিক্ষকদের জন্য ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ হওয়ার পর এরই মধ্যে নবনিযুক্তদের যোগদান কার্যক্রম শুরু হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে পদায়নের আগে তাদের আরও এক সপ্তাহ সময় পাওয়া যাচ্ছে।