ইন্দোনেশিয়ার একটি কারাগারে সাধারণ বন্দিদের জন্য কড়া নিয়ম থাকলেও ভিআইপি বন্দিদের জন্য তৈরি করা হয়েছিল বিলাসবহুল কক্ষ। সেখানে ছিল শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, ফ্রিজ, বড় খাট, সোফা, সুইমিং পুল, জিম ও গলফ খেলার সুবিধা। ঘুষের বিনিময়ে এসব সুযোগ দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসার পর কারাগারের প্রধানসহ পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
জাকার্তার ওই কারাগারে হঠাৎ অভিযান চালিয়ে এসব বিলাসবহুল সুবিধার সন্ধান পান তদন্তকারীরা। কারাগারের ভেতরে ভিআইপি বন্দিদের জন্য আলাদা কক্ষের পাশাপাশি দামি গাড়ি রাখার ব্যবস্থাও পাওয়া যায়। পার্কিংয়ে টয়োটা আলফার্ড ও ফরচুনারের মতো গাড়ি ছিল।
তদন্তে আরও উঠে আসে, কারাগারের মূল নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে ভিআইপি বন্দিদের যাতায়াতের জন্য বাঁশঝাড়ের আড়ালে একটি গোপন পথও তৈরি করা হয়েছিল।
অভিযোগ রয়েছে, এসব বিশেষ সুবিধার বিনিময়ে বন্দিদের কাছ থেকে মাসে লাখ লাখ রুপি নেওয়া হতো। কোনো কোনো ক্ষেত্রে বছরে প্রায় এক বিলিয়ন রুপি পর্যন্ত অর্থ লেনদেনের তথ্যও পাওয়া গেছে। এই অর্থের একটি অংশ কারাগারের অসাধু কর্মকর্তাদের মধ্যে ভাগ হয়ে যেত বলে তদন্তে উঠে এসেছে।
ঘটনা প্রকাশ্যে আসার পর কারা প্রশাসনে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে কারাগারের প্রধানসহ পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে।