ঢাকা মহানগর বিএনপিকে বর্তমান অবস্থানে নিয়ে আসার পেছনে প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম। তিনি বলেন, খোকার রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের সব কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

আবদুস সালাম বলেন, সাদেক হোসেন খোকা বিএনপির রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অংশ। ঢাকা মহানগর বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তাঁর রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, খোকার স্মরণে এ আয়োজন করায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে ভবিষ্যতের সব কর্মসূচিতে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি ঐক্য ধরে রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সরাফত আলী সাফু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মনির, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসার এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি এনাম মাহমুদসহ অনেকে।