মিরপুরের বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপিতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার (ডিসি) শাহরিয়ার আলী সই করেন।

আদেশে ওসি জাহাঙ্গীরকে ‘প্রশাসনিক কারণে’ প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কথা বলা হয়েছে। তবে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে তাঁর প্রত্যাহারের সরাসরি কোনো কারণ আদেশে উল্লেখ করা হয়নি।

গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ২০০ থেকে ২৫০ জনের একটি দল হামলা চালায় বলে প্রতিষ্ঠানটির অভিযোগ। এ সময় দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে অর্থ, ওষুধ, টিকা ও মূল্যবান যন্ত্রপাতিসহ বিভিন্ন সামগ্রী লুট করা হয়। পরে এক্সক্যাভেটর দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির কয়েকটি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হামলার সময় পুলিশকে খবর দেওয়া হলেও স্থাপনা রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা করা হয়েছে। মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার চারজন এবং শনিবার আরও পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের কোনো সদস্যের দায়িত্বে অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্তের কথা জানান। এ জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।

এর একদিন পরই শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহারের আদেশ দেওয়া হলো।