ঢাকার সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে জলকামান।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাইন্সল্যাব মোড়ে পুলিশের এ অবস্থান দেখা যায়। দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীও সেখানে অবস্থান নেন।

এর আগে সকাল ১১টার দিকে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ঢাকা কলেজে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি জানান, দুই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের কথা হয়েছে এবং শিক্ষার্থীরা বর্তমানে কলেজের ভেতরে অবস্থান করছেন। বাইরে থেকে কেউ যাতে ঢিল বা পাথর নিক্ষেপ করতে না পারে, সেজন্য পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। সাইন্সল্যাব এলাকায় প্রায় ৬০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি এই তিন থানা থেকেও বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।