বহুল জল্পনা-কল্পনা, উত্তেজনা আর বৃষ্টির বাধা - সব মিলিয়ে অবশেষে পর্দা নামল বিসিবি সভাপতি তামিম ইকবালের নতুন আবিষ্কার জিডি ট্রফির। বহুল আলোচিত ফাইনালে একের পর এক বদলেছে ম্যাচের রং, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মানতে হয়েছে ক্রিকেটকেই। শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ফাইনালের মঞ্চে মুখোমুখি দুই দল - অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩। কিন্তু ক্রিকেটীয় লড়াইয়ের পাশাপাশি ম্যাচে যোগ হয় বিতর্ক আর উত্তাপের নতুন মাত্রা। একটি বাউন্ডারি নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। আম্পায়ার প্রথমে চার না দিলেও কোচ আশরাফুলের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বাউন্ডারির সিদ্ধান্ত আসে অনূর্ধ্ব-১৯-এর পক্ষে। সেখানেই যেন থামেনি নাটক। সিদ্ধান্তে ক্ষুব্ধ অনূর্ধ্ব-২৩ দল, আর ঠিক পরের বলেই রাব্বির শিকার এক উইকেট - মুহূর্তেই বদলে যায় ম্যাচের আবহ। গ্যালারি থেকে ধারাভাষ্যকারের কণ্ঠেও উঠে আসে, ‘রীতিমতো একটা সার্কাস চলছে।’ উত্তেজনার পারদ যখন চূড়ায়, তখনই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি।

বৃষ্টির দাপটে কমে আসে খেলার ওভার। কিন্তু আকাশ পরিষ্কার হওয়ার বদলে পরিস্থিতি আরও জটিল করে তোলে টানা বৃষ্টি। শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি বল। ফলে ফলাফল নির্ধারণে ফিরতে হয় গ্রুপ পর্বের হিসাবেই। সেখানে সবার ওপরে থাকায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় অনূর্ধ্ব-১৯ দলকে, আর রানার্সআপ হয় অনূর্ধ্ব-২৩। শুধু দলীয় সাফল্য নয়, জিডি ট্রফিতে আলো ছড়িয়েছেন একাধিক তরুণ ক্রিকেটারও। টুর্নামেন্টের সেরা বোলারের পুরস্কার জিতেছেন অনূর্ধ্ব-১৭ দলের মোহাম্মদ মাজেদুল। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা ব্যাটসম্যান হয়েছেন অনূর্ধ্ব-১৯-দলের এসকে জারীফ। তবে ব্যক্তিগত পুরস্কারের তালিকায় সবচেয়ে বড় আলোচনার নাম শেখ পারভেজ জীবন। অনূর্ধ্ব-২৩ দলের এই ক্রিকেটার হয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। পুরো আসরে বল হাতে দারুণ ধারাবাহিক ছিলেন তিনি, শিকার করেছেন ১০ উইকেট।

সবশেষে আসে পুরস্কার বিতরণীর পালা। বৃষ্টিতে ফাইনাল শেষ না হলেও তরুণদের পারফরম্যান্স আর প্রতিদ্বন্দ্বিতায় প্রাণ পেয়েছে জিডি ট্রফির প্রথম অধ্যায়। চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দিয়েছেন ফরিদ হোসাইন ফয়সাল। আর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি সিলেক্টর নাঈম ইসলাম। বৃষ্টিতে ফাইনালের শেষ দৃশ্যটা হয়তো কাঙ্ক্ষিত ছিল না, তবে জিডি ট্রফি দেখিয়েছে - আগামীর ক্রিকেটারদের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতার আগুনটা বেশ উজ্জ্বল। প্রবাদে আছে, ‘শেষ ভালো যার, সব ভালো তার’ - ফাইনাল শেষ না হলেও চ্যাম্পিয়ন হয়ে সেই শেষ হাসিটা হাসল অনূর্ধ্ব-১৯। এখন দেখার পালা, তামিম ইকবালের এই নতুন উদ্যোগ থেকে জাতীয় দলের জন্য ভবিষ্যতের কয়জন তারকা উঠে আসে।