বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলেছেন। তবে ১০ বছরের বর্ণিল ক্যারিয়ারে বিগ ব্যাশে কখনোই দেখা যায়নি মোস্তাফিজুর রহমানকে। এবার কাটার মাস্টারের সেই অপেক্ষার হতে যাচ্ছে অবসান। প্রথমবারের মতো বিগ ব্যাশে দল পেয়েছেন। বিগ ব্যাশের ১৬তম আসরের জন্য তাকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস।

চোটের কারণে এবারের আসর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরেনডর্ফ। তার বিকল্প হিসেবেই মোস্তাফিজকে দলে নিয়েছে রেনেগেডস। আর তাতেই নতুন এক ঠিকানা যোগ হচ্ছে দ্য ফিজের ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে।

বিগ ব্যাশে এর আগে বাংলাদেশের হয়ে খেলেছেন কেবল দুজন। ২০১৪ সালে মেলবোর্ন রেনেগেডসের হয়েই মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। আর গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেছেন রিশাদ হোসেন। এবার সেই তালিকায় তৃতীয় বাংলাদেশি হিসেবে যুক্ত হচ্ছেন মোস্তাফিজ। মজার ব্যাপার, খেলবেন সাকিবের সাবেক দলেই।

মোস্তাফিজকে পেয়ে বেশ উচ্ছ্বসিত রেনেগেডসের প্রধান কোচ লুক রনকি। পাওয়ারপ্লে থেকে ডেথ ওভার, দুই জায়গাতেই বাংলাদেশের এই পেসারের কার্যকারিতাকে দলের বড় শক্তি হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার। তার মতে, টি-টোয়েন্টিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে মোস্তাফিজের।

শুধু তাই নয়, কাটার মাস্টারকে দলে ভেড়ানোর পরই সমর্থকদের জন্য লোভনীয় একটা অফারও দিয়ে রেখেছে মেলবর্ন। গ্যালারিতে রাখছে 'FIZZBAY' নামের একটা প্রোমো কোড.. যে কোড ব্যাবহার করে প্রথম ২ ম্যাচের জন্য ২০০ জন দর্শক টিকেট কিনতে পারবে অর্ধেক দামে। অর্থাৎ কাটার মাস্টারকে সেলিব্রেট করার জন্য বিন্দুমাত্রও কমতি রাখছে না রেনেগের্ডস। 

মুস্তাফিজ নিজেও মেলবোর্নের লাল জার্সি গায়ে জড়াতে মুখিয়ে আছেন। বলেছেন, এমসিজির মতো স্টেডিয়ামে নিজের হোমগ্রাউন্ড হিসেবে খেলাটা স্পেশাল কিছুই হবে এই টাইগার পেসারের জন্য।

কাটার আর স্লোয়ারের মিশেলে ব্যাটারদের জন্য বরাবরই কঠিন এক পরীক্ষার নাম মোস্তাফিজ। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন তিনি। ৩৩১ টি-টোয়েন্টিতে ৪২৩ উইকেটই যার প্রমাণ। আইপিএল, বিপিএল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চান অস্ট্রেলিয়ায়।

তবে রেনেগেডসের হয়ে শুরু থেকেই মাঠে নামা হচ্ছে না তার। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের সময় সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যস্ত থাকবেন মোস্তাফিজ। ফলে প্রথম ম্যাচে তাকে পাচ্ছে না দলটি। এরপর পুরো মৌসুমে তার সার্ভিস পাওয়ার প্রত্যাশা রেনেগেডসের।