হার্ট অ্যাটাক হলেই বুকে তীব্র ব্যথা হবে এমনটা নয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বুকের ব্যথা ছাড়াও কিছু অস্বাভাবিক উপসর্গ দেখা দিতে পারে। এসব লক্ষণকে অনেক সময় গ্যাস, অম্বল বা দুর্বলতা ভেবে এড়িয়ে যাওয়ায় চিকিৎসা নিতে দেরি হতে পারে।
মেরিল্যান্ডের চিকিৎসক কুণাল সুদ জানিয়েছেন, নারীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের চারটি লক্ষণ বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা উচিত।
বুকে চাপ বা অস্বস্তি: বুকের মাঝখানে চাপ, ভারী লাগা বা চেপে ধরার মতো অনুভূতি হতে পারে। এটি সবসময় তীব্র ব্যথা নাও হতে পারে।
হাত-পিঠসহ বিভিন্ন স্থানে ব্যথা: হার্টের সমস্যার প্রভাবে এক বা দুই হাত, পিঠ, ঘাড়, চোয়াল কিংবা পেটে ব্যথা বা অস্বস্তি দেখা দিতে পারে।
হঠাৎ শ্বাসকষ্ট: কোনো স্পষ্ট কারণ ছাড়াই আচমকা শ্বাস নিতে কষ্ট হওয়া হার্ট অ্যাটাকের সংকেত হতে পারে। এ সময় বুক ব্যথা নাও থাকতে পারে।
বমি ভাব ও অতিরিক্ত ঘাম: হঠাৎ বমি বমি ভাব, বমি, ঠান্ডা ঘাম, মাথা হালকা লাগা বা শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মতো উপসর্গও দেখা দিতে পারে।
এসব লক্ষণ হঠাৎ শুরু হলে বা একাধিক উপসর্গ একসঙ্গে দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।