ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল জাতীয় দলের দরজা এখনো খোলা রেখেছেন কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি সিআরসেভেনের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার। গত সপ্তাহে হঠাৎ করেই পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান ৪১ বছর বয়সী রোনালদো। গত মাসের ২৮ তারিখে নরওয়ের বিপক্ষে জয়ের ম্যাচে পুরোটা সময় বেঞ্চে বসে থাকতে হয় তাকে। এরপর ২ তারিখ ডেনমার্কের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশেও থাকবেন না তিনি এমন খবর জানার পরই ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন পর্তুগিজ এই মহাতারকা। তবে বিষয়টিকে বড় কোনো বিরোধ হিসেবে দেখছেন না কোচ জেসুস। তার মতে, পুরো ঘটনাটিই ছিল একটি ভুল বোঝাবুঝি, যা আলোচনার মাধ্যমে সহজেই মিটিয়ে ফেলা সম্ভব। 

নরওয়ের বিপক্ষে ম্যাচ শেষে রোনালদোর প্রসঙ্গে জেসুস বলেন, ভবিষ্যতে কী হবে, সেই সিদ্ধান্ত রোনালদোকেই নিতে হবে। তিনি জাতীয় দলে খেলতে চাইলে পরবর্তী ডাকেই তাকে স্বাগত জানানো হবে। এমনকি কোনো ধরনের ক্ষোভ বা বিরোধ নেই বলেও স্পষ্ট করেছেন পর্তুগালের কোচ। অর্থাৎ, রোনালদো চাইলে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে। 

পর্তুগালের পরবর্তী দল ঘোষণার আগে রোনালদোর সঙ্গে সরাসরি কথা বলারও ইঙ্গিত দিয়েছেন জেসুস। তার বার্তা পরিষ্কার জাতীয় দলের হয়ে খেলতে রোনালদোর ইচ্ছা থাকলে তাকে ফেরানোর পথে কোনো বাধা নেই। তবে শেষ সিদ্ধান্তটা নিতে হবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকেই। রোনালদোকে ছাড়াই অবশ্য দারুণ ছন্দে আছে পর্তুগাল। তার অনুপস্থিতিতে ডেনমার্ককে ৪-২ গোলে হারানোর পর নরওয়ের বিপক্ষেও পেয়েছে ২-১ গোলের জয়। টানা চার জয়ে নেশনস লিগে দারুণ ফর্ম দেখিয়েছে তারা। রোনালদোকে ছাড়াও দলের পারফরম্যান্সে স্বস্তি পাচ্ছেন জেসুস। তবে পর্তুগাল দলে রোনালদোর প্রয়োজনীয়তা এখনো অস্বীকার করছেন না কোচ। বরং জাতীয় দলের জার্সিতে নিজের শেষটা কীভাবে করতে চান, সেই সিদ্ধান্তও রোনালদোর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। জেসুসের কথায়, প্রথমবার দায়িত্ব নেওয়ার সময় যেমন বলেছিলেন রোনালদো খেলুক কিংবা না খেলুক, তাকে দলের সঙ্গে কাছে চান, এখনো তার অবস্থান একই। তাই শেষ পর্যন্ত রোনালদোর সিদ্ধান্তের দিকেই তাকিয়ে পর্তুগিজ ফুটবল ফ্যানরা।