সেমিফাইনালের সমীকরণ যখন সামনে, তখনই বাংলাদেশের জন্য এলো বাড়তি এক ধাক্কা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত সময়ে এক ওভার কম করায় খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। তবে এই জরিমানা শুধু অর্থের ক্ষতিতেই সীমাবদ্ধ থাকেনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শেষদিকে এর প্রভাব পড়েছিল মাঠের কৌশলেও। স্লো ওভার রেটের শাস্তি হিসেবে তখন ৩০ গজের বাইরে সর্বোচ্চ তিনজন ফিল্ডার রাখতে পেরেছিল বাংলাদেশ।
আর ঠিক সেই সময়েই ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয় টাইগ্রেসদের। ১৩ বলে যখন শ্রীলঙ্কার দরকার ছিল ১৩ রান, তখন ফিল্ডিংয়ের এই সীমাবদ্ধতা কাজে লাগিয়ে হারশিতা সামারাবিক্রমা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ পর্যন্ত চার উইকেটে হেরে সেমিফাইনাল নিশ্চিতের সুযোগও হাতছাড়া করে বাংলাদেশ। তবে সেই হার এখন অতীত। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে আজকের ম্যাচেই ঘুরে দাঁড়াতে হবে টাইগ্রেসদের। আর সেই লড়াইয়ের আগে সবচেয়ে বড় শিক্ষা - মাঠের প্রতিটি মুহূর্তে থাকতে হবে আরও বেশি সতর্ক। কারণ এই পর্যায়ে প্রতিপক্ষের ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি সময়ের সঙ্গেও লড়তে হয়।
তাই আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার আগে বার্তা একটাই - ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি এবার সময়ের হিসাবেও থাকতে হবে নিখুঁত। কারণ সেমিফাইনালের লড়াইয়ে একটি ওভার কম করা কিংবা একটি ভুল সিদ্ধান্তও হয়ে উঠতে পারে ম্যাচের ভাগ্য বদলের কারণ।