২০২৭ বা ২০২৮ সাল থেকে স্কুল পর্যায়েই শিক্ষার্থীদের নাচ, গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুদের প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও ভাষা শিক্ষার সুযোগ নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর মধ্যেই কোনো না কোনো প্রতিভা রয়েছে। তাই শহর ও গ্রামের সব শিশুকে সমান সুযোগ দিতে স্কুলেই এসব কার্যক্রমের ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ অনুযায়ী গান, নাচ, বাদ্যযন্ত্র, কেরাতসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড বেছে নিতে পারবে।

শিশুদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বাংলা ও ইংরেজির বাইরে আরবি, ম্যান্ডারিন, জার্মান ও জাপানিজসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখার সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।