ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আয়োজিত অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় রাজধানীর পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট কমানো, খাল খনন, জলাবদ্ধতা নিরসন এবং নিরাপদ ও টেকসই ঢাকা গড়ার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, বড় শহরে মানুষের চলাচল সহজ ও স্বাভাবিক রাখা জরুরি। যানজটের কারণে মানুষের মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি অর্থনীতিতেও এর প্রভাব পড়ে। এ কারণে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করেছেন। দেশব্যাপী এ কার্যক্রম আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। চলমান কার্যক্রম আরও জোরদারের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রীর নেওয়া ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মঈন খান।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান চালানোর ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকরা তাদের চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। এসব কার্যক্রম পর্যালোচনা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং দুই সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।